পাথরঘাটায় ঘুষ দিতে গিয়ে বিচারকের কক্ষে পুলিশ আটক।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।
আদালত সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার ব্যক্তিগত কক্ষে অবস্থান করছিলেন। সে সময় অনুমতি নিয়ে এসআই শাহরিয়ার জালাল কক্ষে প্রবেশ করেন। তিনি একটি চলমান মামলার (সি আর ৭৮০/২৩) নথি দেখিয়ে আসামি মো. রাজু মিয়ার জামিন বিষয়ে সুপারিশ করেন।
ম্যাজিস্ট্রেটের বক্তব্য অনুযায়ী, ওই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এসআই জামিন ও ‘রি-কল’ ব্যবস্থা করার অনুরোধ জানান। এ সময় বিচারক বিষয়টিকে বেআইনি তদবির হিসেবে বিবেচনা করেন। অভিযোগ রয়েছে, বিচারককে প্রভাবিত করার উদ্দেশ্যে এসআই শাহরিয়ার ঘুষ দেওয়ার চেষ্টা করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে আদালতের কোর্ট পুলিশ, জিআরও এবং সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে বিচারক নিজেই তাকে আটক করেন। পরে বিষয়টি পাথরঘাটা থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপারকে জানানো হয়।
বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদার আশ্বাসে এসআই শাহরিয়ার জালালের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের শর্তে তাকে মুচলেকার মাধ্যমে ওসি মংচিনলার জিম্মায় দেওয়া হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মংচিনলা বলেন, আদালতের আদেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এর বাইরে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
মতামত দিন