অপরাধ
ছবি: সংগৃহীত

নিখোঁজের পর মিলল কিশোরের গলাকাটা মরদেহ, রাঙ্গুনিয়ায় চাঞ্চল্য

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক স্কুলছাত্রকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় পুরো এলাকায় চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজের একদিন পর বাড়ির পাশের মাঠ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারী বিল এলাকার একটি বাঙ্গি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম মো. শাহেদ ইসলাম (১৭)। তিনি পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং দুবাইপ্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যার পর থেকে শাহেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতভর আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এর মধ্যেই মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে বাঙ্গি ক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরমান হোসেন বলেন, ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন