সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ।
নিজেস্ব প্রতিবেদক:
ঢাকার আদালত সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রেক্ষিতে তার ময়মনসিংহ, গাজীপুর ও ব্রাহ্মণবাড়িয়ার ৫.৩৭ একর জমি এবং তিনটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন। এ সম্পত্তির বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা ধরা হয়েছে।
আদালত একই সঙ্গে তার ৬টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করেছেন, যেখানে মোট ৫০ লাখ ১৪ হাজার টাকার স্থিতি রয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগ করেছে, আনিসুল হক ২০১৪ থেকে ২০২৪ সালের মধ্যে অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৪৬ কোটি ১৯ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৪৯ কোটি ১৫ লাখ টাকা জমা ও ৩১৬ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেন সন্দেহজনক হিসেবে মানিলন্ডারিং ও দুর্নীতি মামলায় তদন্তাধীন।
দুদক জানিয়েছে, এই সম্পদ ক্রোক না করা হলে তা বিক্রি বা হস্তান্তর হতে পারে এবং বিচারকালে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না।

মতামত দিন