অপরাধ
ছবি: সংগৃহীত

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ সুরভীর বিরুদ্ধে ব্ল্যাকমেইল মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর

নিজেস্ব প্রতিবেদক:

আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে চলমান প্রতারণা ও ব্ল্যাকমেইল সংক্রান্ত মামলার তদন্ত আরও জোরালো করতে তাকে দুই দিনের জন্য রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) শুনানি শেষে এই সিদ্ধান্ত আসে।

সুরভীর পক্ষে থাকা আইনজীবী রাশেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তদন্তসংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সুরভীর বিরুদ্ধে অভিযোগের পরিধি একক কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায়ের একটি সংগঠিত প্রক্রিয়ার সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা মামলায় একাধিক অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। মামলাটি দায়ের করা হয় গত বছরের ২৬ নভেম্বর। এতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় ভয়ভীতি প্রদর্শন, প্রতারণা ও জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তদন্তে উঠে আসে, আলোচিত জুলাই আন্দোলনের মামলায় জড়ানোর আশঙ্কা দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। একই ধরনের অভিযোগে আরও ভুক্তভোগীর তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

তবে মামলার নথি বিশ্লেষণে দেখা গেছে, গণমাধ্যমে ছড়ানো কিছু তথ্যের সঙ্গে এজাহারের বর্ণনায় পার্থক্য রয়েছে। সে কারণে প্রকৃত ঘটনা, আর্থিক লেনদেনের ধরন এবং সংশ্লিষ্টদের ভূমিকা স্পষ্ট করতে রিমান্ডের আবেদন করা হয়।

আদালত সূত্র জানায়, অভিযোগের গুরুত্ব ও তদন্তের স্বার্থ বিবেচনায় নিয়েই দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

মতামত দিন