নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপির প্রার্থীকে কাফনের কাপড়সহ চিঠি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। উখিয়া-টেকনাফ আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে ডাকযোগে পাঠানো হয়েছে হত্যার হুমকি সংবলিত একটি চিঠি।
শনিবার সকালে নিজের বাসায় ডাক বিভাগের মাধ্যমে চিঠিটি পৌঁছায় বলে জানিয়েছেন শাহজাহান চৌধুরী। চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে স্পষ্ট ভাষায় বলা হয়—নির্বাচনে থাকলে তার পরিণতিও হবে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো।
চিঠিতে প্রেরক হিসেবে উল্লেখ করা হয়েছে মুমিনুল আলম নামের এক ব্যক্তির নাম। নিজেকে তিনি ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি কথিত সংগঠনের আঞ্চলিক সমন্বয়কারী বলে পরিচয় দিয়েছেন। সেখানে আরও লেখা রয়েছে, শাহজাহান চৌধুরীকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে এবং তাকে ‘উপহার’ হিসেবে কাফনের কাপড় পাঠানো হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, এই চিঠি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এতে শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে গভীর নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। নির্বাচন সামনে রেখে এ ধরনের হুমকি গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বলেও মন্তব্য করেন তিনি।
চিঠিটি কক্সবাজার সদর ডাকঘর থেকে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে তিনি উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বিএনপির এই নেতা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেন। তিনি এ ধরনের হুমকিতে বিচলিত না হয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন ওই প্রার্থী।

মতামত দিন