অপরাধ
ছবি: সংগৃহীত

জাজিরায় আধিপত্য বিরোধে রাতভর ককটেল বিস্ফোরণ, আহত এক যুবক।

নিজেস্ব প্রতিবেদক:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাতভর চলা এ সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এতে অন্তত একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ও এর আগের রাতজুড়ে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, ওই এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শনিবার রাতে সেই বিরোধ চরম আকার ধারণ করে। উভয় পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরিত হলে গোটা এলাকা রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে জাবেদ শেখ নামে এক যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বসতবাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন