অপরাধ
ছবি: সংগৃহীত

ওসিকে থানায় গিয়ে শাসানো হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা আটক।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর থানা পুলিশ মাহদী হাসানকে আটক করে।

মাহদী হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় আটক এক সাবেক ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

ভাইরাল হওয়া প্রায় ৪৬ সেকেন্ডের ভিডিওতে মাহদী হাসানকে বিভিন্ন সময় উসকানিমূলক ও হুমকিস্বরূপ বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে তিনি নিজেকে ‘জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট’ গঠনের সঙ্গে যুক্ত দাবি করে পুলিশের উদ্দেশে বলেন, প্রশাসন তাদের নিয়ন্ত্রণাধীন। তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনকারীদের গ্রেফতার করে পরে দরকষাকষি করা হচ্ছে।

ভিডিওতে পাশ থেকে একজন তাকে থামানোর চেষ্টা করলেও মাহদী হাসান তা উপেক্ষা করেন। বক্তব্যে তিনি হবিগঞ্জে আন্দোলন চলাকালে হতাহতের প্রসঙ্গ টেনে এনে বলেন, এ জেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ আন্দোলন হয়েছে। পাশাপাশি তিনি বানিয়াচং থানায় অগ্নিসংযোগ এবং এক এসআইয়ের ওপর হামলার কথাও উল্লেখ করেন বলে ভিডিওতে শোনা যায়।

এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মামলার বিস্তারিত এখনও জানানো হয়নি।

মতামত দিন