অপরাধ
ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এলপিজি গ্যাস অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে অর্থদণ্ড।

নিজেস্ব প্রতিবেদক:

কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন এলপিজি গ্যাসে সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগ নিয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

সরকার নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রয় এবং কৃত্রিম সংকট তৈরি করার অভিযোগে অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, সরকার নির্ধারিত দামের তুলনায় গ্যাস বেশি দামে বিক্রি হচ্ছে এবং কোথাও কোথাও গোপনে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এ অনিয়মের দায়ে পাঁচজন বিক্রেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়া আরও কিছু ব্যবসায়ীকে ভবিষ্যতে এমন কার্যকলাপে অংশ না নেওয়ার জন্য সতর্ক করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, “অবৈধ মজুত বা অতিরিক্ত মূল্যে বিক্রির কোনো সুযোগ নেই। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে বাজারে মূল্যবৃদ্ধি বা মজুত করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রশাসনের সূত্র জানিয়েছে, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া এবং আফতাব আহমেদের নেতৃত্বে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্থানীয়রা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং দাবি করেছেন, বাজারে নিয়মিত তদারকি চালু রাখার মাধ্যমে এ ধরনের অনিয়ম রোধ করা উচিত।

মতামত দিন