নোয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২জনকে আটক।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় একটি আবাসিক হোটেল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর আশঙ্কায় অভিযান চালিয়ে তাদের হেফাজতে নেওয়া হয়।
বেগমগঞ্জ থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় হোটেল রিয়াদের তৃতীয় তলার একটি কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও ৭.৬৫ ক্যালিবারের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—চৌমুহনী পৌর এলাকার হাজীপুর গ্রামের বাসিন্দা মো. জাহিদ হাসান রাসেল (৪০) এবং দুর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোহাম্মদ বসু (৪২)। পুলিশ জানিয়েছে, রাসেলের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে এবং তার নামে গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর ছিল।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ বারী জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে ওই হোটেলে অবস্থান করছিল।
এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার আওতায় আটক দুজনকে নোয়াখালী জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন