অপরাধ
ছবি: সংগৃহীত

দিপু হত্যাকাণ্ডে মরদেহ গাছে ঝুলানো সেই যুবক গ্রেপ্তার, মোট আটক ১৯।

নিজেস্ব প্রতিবেদক:

ভালুকায় পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার ঘটনায় পুলিশ নতুন একজনকে আটক করেছে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলায় ধরা পড়া ব্যক্তির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়াল।

পুলিশ জানায়, গাজীপুরের টঙ্গী এলাকার চেরাগ আলী অঞ্চল থেকে মঙ্গলবার বিকেলে ওই যুবককে হেফাজতে নেওয়া হয়। আটক ব্যক্তির নাম নীবির ইসলাম অনিক। বয়স ২০ বছর। তিনি ত্রিশালের ধানীখোলা গ্রামের বাসিন্দা এবং ঘটনার সময় একই পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

তদন্তকারীরা বলছেন, ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওচিত্র বিশ্লেষণ করেই নীবিরকে শনাক্ত করা হয়। ফুটেজে দেখা যায়, একজন যুবক দিপুর মরদেহ গাছের সঙ্গে দড়ি ব্যবহার করে ঝুলিয়ে রাখার কাজে সক্রিয় ছিল। সেই দৃশ্যের সূত্র ধরেই তাকে খোঁজা শুরু হয়।

ঘটনার পর থেকে কর্মস্থলে না ফেরায় নীবিরের অবস্থান সন্দেহজনক হয়ে ওঠে।একাধিক জায়গায় অভিযান চালানোর পর টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, বুধবার তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে যুক্ত অন্যদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

এর আগে এই মামলায় গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।তাদের মধ্য থেকে পাঁচজন আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ী এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে মারধর করে হত্যা করা হয়। পরে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গাছে ঝুলিয়ে মরদেহে আগুন দেওয়া হয়।

নিহত দিপু তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনায় তার ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতনামা বিপুল সংখ্যক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।

মতামত দিন