অপরাধ
ছবি: সংগৃহীত

চৌদ্দগ্রাম থানার ভেতরে হামলা—দা দিয়ে কুপিয়ে পুলিশ সদস্যকে আহত, যুবক আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানার ভেতরেই এক পুলিশ সদস্যের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাহাদুর হোসেন বাদল নামে এক যুবককে তাৎক্ষণিকভাবে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম থানায় এই ঘটনা ঘটে। হামলায় আহত হন পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম। আটক বাদল (১৯) থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং মানিক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বাদল দীর্ঘদিন ধরেই গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। এতে থানার ভেতরের ফল ও ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিষেধাজ্ঞা অমান্য করেন। মঙ্গলবার দুপুরেও কয়েকটি গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে বাদল।

এ সময় কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে প্রবেশে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে বাদল হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে এবং একপর্যায়ে মাথায় কোপ দেয়। গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করা হয়। পরে থানার অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে হামলাকারী বাদলকে আটক করেন।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, থানার পরিবেশ রক্ষার স্বার্থে বাদলকে আগেও বারবার নিষেধ করা হয়েছিল। মঙ্গলবার মূল গেট দিয়ে বের হওয়ার সময় আবারও বাধা দিলে সে হঠাৎ সহিংস হয়ে ওঠে এবং পুলিশ সদস্যের ওপর হামলা চালায়।

তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

মতামত দিন