দায়িত্ব পালনকালে সহকর্মীর ছোড়া গুলিতে আনসার সদস্যের মৃত্যু।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতরে দায়িত্ব পালনকালে সহকর্মীর ছোড়া গুলিতে এক আনসার সদস্য প্রাণ হারিয়েছেন। সোমবার রাতে মেহরাবাড়ি এলাকার লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের বাসিন্দা এবং পিতা প্রবিত্র বিশ্বাস। ঘটনার সঙ্গে জড়িত অপর আনসার সদস্য নোমান মিয়া সুনামগঞ্জের তাহেরপুর থানার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে।
কারখানাটিতে মোট ২০ জন আনসার সদস্য দায়িত্বে ছিলেন। ঘটনার সময় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস একসঙ্গে অবস্থান করছিলেন। এ সময় নোমান মিয়ার হাতে থাকা শটগান থেকে হঠাৎ একটি গুলি বের হয়, যা বজেন্দ্র বিশ্বাসের বাম উরুতে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
সহকর্মীরা দ্রুত তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত দিন