সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা, ৩ জন আটক।
সিরাজগঞ্জ শহরের ব্যস্ত সড়কে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাতভর চালানো অভিযানে শহরের ধানবান্ধি মহল্লা থেকে তিন যুবককে আটক করা হয়। তারা সবাই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে তিনজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
নিহতের বাবা মো. রেজাউল করিম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের ছেলে মো. আশিক (২২), জামাল শেখের ছেলে মো. সাকিব ইব্রাহিম (২৮) এবং উজ্জল হোসেনের ছেলে মেহেদী হাসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চৌরাস্তা মোড়ের বাহিরগোলা সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় বসেছিলেন আব্দুর রহমান রিয়াদ (১৮)। হঠাৎ কয়েকজন যুবক চারদিক থেকে এসে অটোরিকশার ভেতরেই দেশীয় অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় রিয়াদকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রিয়াদ শহরের সয়া ধানগড়া খাঁ পাড়া মহল্লার বাসিন্দা এবং ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যেই হামলাকারীরা অটোরিকশার ভেতরে ঢুকে আক্রমণ চালিয়ে দ্রুত সরে যায়।
মতামত দিন