নেত্রকোনার মদনে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ২২।
নেত্রকোনার মদন উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালবেলা সদর ইউনিয়নের ধনপুর গ্রামে এই সংঘর্ষ হয়। ঘটনার পর আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছেন— জোসনা আক্তার (৫০), মমতা আক্তার (৫০), বিউটি আক্তার (৩৫), রুবি আক্তার (২৭), শামীম মিয়া (৩৫), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২) ও আরও কয়েকজন।
এ ছাড়া হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীর (৪৫) গুরুতর আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধনপুর গ্রামের মতিউর রহমান ও তাইজুল ইসলামের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এক মাস আগেও একই বিরোধকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষ হয় এবং উভয় পক্ষের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
শনিবার সকালে পূর্বের বিরোধ নতুন করে উত্তেজনা সৃষ্টি করলে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বহু মানুষ আহত হন।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নয়ন ঘোষ জানান, সংঘর্ষে আহত ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের শারীরিক অবস্থা গুরুতর।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার বলেন, ধনপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে আগেও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং মামলাগুলো তদন্তাধীন রয়েছে। শনিবার সকালে নতুন করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন