বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী পাচার চক্র আটক, ডিজেল–সিমেন্ট জব্দ।
বঙ্গোপসাগরে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে জ্বালানি ও নির্মাণসামগ্রী পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্রপথে টহলকালে একটি ইঞ্জিনচালিত বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৬ ডিসেম্বর) কুতুবদিয়া বহিঃনোঙর এলাকায় নিয়মিত টহলের সময় সন্দেহজনক একটি তৎপরতার তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও পার্শ্ববর্তী সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো হয়।
টহল চলাকালে নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪২ নটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার বোট শনাক্ত করে। নৌবাহিনীর সংকেত অমান্য করে বোটটি দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করলে ধাওয়া শুরু হয়। পরে ‘এফবি অঙ্কিতা অন্বেষা’ নামের ওই বোটটি আটক করা হয়।
তল্লাশি চালিয়ে বোটের ভেতর থেকে এক হাজার লিটার ডিজেল ও ৬৫০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ১১ জনকে হেফাজতে নেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, অধিক লাভের আশায় এসব পণ্য অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে তারা সমুদ্রে যাত্রা করেছিলেন।
নৌবাহিনী জানায়, জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী আরও জানায়, দেশের সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উপকূলীয় অঞ্চলে চোরাচালান, সন্ত্রাস ও অপরাধ দমনে টহল ও অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন