ডেভিল হান্ট ফেজ-২: একদিনে গ্রেপ্তার ৬৬৩ জন,৯ আগ্নেয়াস্ত্র উদ্ধার।
সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৬৬৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সময়ে বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৯টি আগ্নেয়াস্ত্র।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত অভিযানের পাশাপাশি দেশজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। এ সময় ২৬ হাজার ৮৮১টি মোটরসাইকেল ও ২৬ হাজার ৫৭৩টি যানবাহন তল্লাশির আওতায় আনা হয়। তল্লাশিকালে বৈধ কাগজপত্র না থাকায় ৩৪২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই এ অভিযান জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ে। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাবিষয়ক কোর কমিটির বৈঠকে বিশেষ এই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহের শনিবার রাত থেকেই পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট যৌথভাবে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ শুরু করে।

মতামত দিন