নোয়াখালীর হাতিয়ার চরে আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, নিহত ৫ জন।
নোয়াখালীর হাতিয়ার একটি দুর্গম চরাঞ্চল মঙ্গলবার সকালে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সশস্ত্র পক্ষের মুখোমুখি সংঘর্ষে গুলিতে প্রাণ হারান অন্তত পাঁচজন।
ঘটনাটি ঘটে উপজেলার সুখচর ইউনিয়নের সীমান্তঘেঁষা জাগলার চরে। সকাল ১০টার দিকে সেখানে হঠাৎ করে শুরু হয় গুলিবিনিময়।
নিহতদের মধ্যে একজন আলাউদ্দিন (৪০)। তিনি চর আমান উল্যাহ গ্রামের বাসিন্দা। বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, জাগলার চরের জমি দীর্ঘদিন ধরে সরকারি খাস হিসেবে পড়ে আছে। কোনো বৈধ বন্দোবস্ত না থাকায় বিভিন্ন গ্রুপ নিজেদের প্রভাব খাটিয়ে জমি দখল ও বিক্রির চেষ্টা চালিয়ে আসছে। ৫ আগস্টের পর জাহাজমারা ইউনিয়নের কোপা সামছু গ্রুপ সেখানে জমি বিক্রি শুরু করলে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে সুখচর এলাকার আলাউদ্দিন গ্রুপ একই জমিতে দাবি জানিয়ে মাঠে নামে।
দুই পক্ষই আলাদাভাবে জমি বিক্রির উদ্যোগ নেওয়ায় বিরোধ চরমে পৌঁছায়। আগের কয়েক দফা সংঘাতের জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রুপ সশস্ত্র অবস্থায় মুখোমুখি হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় গোলাগুলি।
সংঘর্ষে আলাউদ্দিনসহ চারজন গুলিবিদ্ধ হন। আলাউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। অন্য চারজন ঘটনাস্থলেই মারা যান।
হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানান, চরটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং চারটি চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে।

মতামত দিন