অপরাধ
ছবি: সংগৃহীত

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তি নেত্রী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠনের এক নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। পুলিশ জানিয়েছে, জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মোসাম্মৎ তনিমাকে আটক করা হয়েছে।

সোমবার রাতে নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, যে ভাড়া ফ্ল্যাটে জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হন, সেটি তনিমা ওরফে তন্বীর ব্যবহৃত বাসা।

তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনাস্থল থেকে ইয়াবা, মদের খালি বোতল এবং ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এসব আলামতের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, মোতালেব শিকদারের সঙ্গে থাকা ব্যক্তিদের মধ্য থেকেই গুলির ঘটনা ঘটতে পারে।

গুলিটি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে বেরিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোতালেব শিকদার আগে শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। পরে কয়েক মাস আগে তিনি জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তিতে যোগ দেন।

এ ঘটনায় পুলিশ আরও জিজ্ঞাসাবাদ ও তদন্ত চালিয়ে যাচ্ছে। সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন