প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: গ্রেপ্তার ১৭, শনাক্ত ৩১।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িত অন্তত ৩১ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
ডেইলি স্টারের বিষয়ে তিনি জানান, এখনো আনুষ্ঠানিকভাবে মামলা হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ শেষ হলে তারাও মামলা করবে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭ জনের মধ্যে থানা পুলিশ ১৩ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ৩ জন এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে আটক করেছে। অভিযানে আরও গ্রেপ্তার আসতে পারে বলে জানান তিনি।
গ্রেপ্তারদের একজন নাইম (২৬) সম্পর্কে তিনি বলেন, তার কাছ থেকে লুট করা ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ওই টাকার একটি অংশ দিয়ে তিনি একটি মোবাইল ফোন ও একটি ফ্রিজ কিনেছিলেন, সেগুলোও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, হামলার পেছনের মূল পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে এবং অভিযান চলমান থাকবে।
মতামত দিন