প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা: ৯ জন আটক, আরও ৩১ জন শনাক্ত।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে জাতীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২২ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে এখন পর্যন্ত অন্তত ৩১ জনকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্য থেকেই কয়েকজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. কাশেম ফারুক, মো. সাইদুর রহমান, রাকিব হোসেন, মো. নাইম, ফয়সাল আহমেদ প্রান্ত, মো. সোহেল রানা ও মো. শফিকুল ইসলামের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। বাকি দুইজনকে কাউন্টার টেরোরিজম ইউনিট ও গোয়েন্দা পুলিশের অভিযানে আটক করা হয়েছে, যাদের পরিচয় যাচাই চলছে।
পুলিশ জানিয়েছে, শেরপুরের বাসিন্দা রাকিব হোসেন হামলার সময় ভাঙচুর ও অগ্নিসংযোগে সরাসরি অংশ নেন। তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে হামলার পর ধ্বংসস্তূপের ছবি এবং উসকানিমূলক পোস্ট পাওয়া গেছে।
অন্যদিকে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার হওয়া মো. নাইমের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়, যা হামলার সময় লুট করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করে তা দিয়ে একটি টেলিভিশন ও একটি ফ্রিজ কেনেন। পরে মোহাম্মদপুর এলাকা থেকে ওই মালামাল উদ্ধার করা হয়।
কারওয়ান বাজার রেললাইন এলাকা থেকে আটক মো. সোহেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগেই ১৩টি মামলা রয়েছে। একই এলাকা থেকে গ্রেপ্তার মো. শফিকুল ইসলামের বিরুদ্ধেও অতীতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলার তথ্য পেয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের আশপাশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ঘটনায়ও তিনজনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
হামলার পেছনে কারা পরিকল্পনাকারী—তা খতিয়ে দেখতে গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
মতামত দিন