নওগাঁয় নিষিদ্ধ আওয়ামী লীগ–ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী আটক।
নওগাঁ জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় চালানো এই অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা আটক হন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)’ এর অংশ হিসেবে জেলার একাধিক থানা এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এসব অভিযান চালানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্যও রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— সদর উপজেলার মোস্তাফিজুর রহমান ফিরোজ, আরমান খান পলিন, মেহেদী হাসান নিরব, রেজাউল হক, হাসান ও রাণীনগরের জাহাঙ্গীর আলম। এছাড়া কচুয়া, আত্রাই, মহাদেবপুর, পত্নীতলা, মান্দা, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পূর্ণমাত্রায় চলমান রয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, গত এক সপ্তাহে এই অভিযানের আওতায় বিভিন্ন মামলা ও ওয়ারেন্ট বাস্তবায়নের মাধ্যমে জেলায় মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার সার্বিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে চলবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
মতামত দিন