অপরাধ
ছবি: সংগৃহীত

গজারিয়ায় ভাই-ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে দা’র আঘাতে প্রাণ গেল যুবকের।

নিজেস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিবেশী দুই ভাইয়ের মধ্যে চলমান সংঘর্ষ থামাতে গিয়ে দা’র কোপে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জান্নাত হোসেন (২৭)। তিনি সেনয়ানগর গ্রামের বাসিন্দা ও আব্দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হলে প্রতিবেশী হিসেবে পরিস্থিতি শান্ত করতে সেখানে যান জান্নাত হোসেন।

এ সময় দুই ভাইয়ের হাতেই ধারালো দা ছিল। ঝগড়ার এক পর্যায়ে রিয়াদ তার হাতে থাকা দা দিয়ে ভাই তারেককে আঘাত করতে গেলে সেটি জান্নাত হোসেনের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের ভাগ্নি সুমাইয়া আক্তার অভিযোগ করে বলেন, অভিযুক্ত দুই ভাই নেশাগ্রস্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার দাবি, পরিকল্পিতভাবে জান্নাত হোসেনকে ঘটনাস্থলে ডেকে নিয়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন