ঝিনাইদহে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ জন আটক।
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে মাদক বিক্রির নগদ টাকা এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার যুগিহুদা এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ওই এলাকার একটি বাড়িতে ইয়াবা মজুদ থাকার গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির মালিক দেলোয়ার হোসেন কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী লাইলি বেগম, ছেলে লিমন হাসান এবং পার্শ্ববর্তী জলিলপুর গ্রামের বাসিন্দা মেহেদি হাসান জিসানকে আটক করা হয়।
তল্লাশিতে ওই বাড়ি থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি জব্দ করা হয় মাদক বিক্রির নগদ ৮ লাখ ৪ হাজার ৮৭০ টাকা এবং ইয়াবা বহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত ইয়াবা, টাকা ও মোটরসাইকেল সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

মতামত দিন