খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক এমদাদুল হক মিলন নিহত।
খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক এমদাদুল হক মিলন। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে শলুয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত এমদাদুল হক মিলন ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার বাসিন্দা এবং বজলু রহমানের ছেলে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রোকানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হন মিলন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।
সাংবাদিক এমদাদুল হক মিলনের হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
ঘটনার খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন