গোপালগঞ্জে ‘ডেভিল হান্ট ফেস-টু’ অভিযানে চার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘ডেভিল হান্ট ফেস-টু’ অভিযানে চারজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযানটি বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে উপজেলার পাটগাতী বাজার, কুশলী এবং শ্রীরামকান্দি এলাকায় পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার নেতাদের কারাগারে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নেতাদের মধ্যে আছেন— টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিজিৎ কুমার সাহা (৪৫), পৌর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে জানে আলম শেখ (৪৮), কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ওমর (৪৫), এবং আওয়ামী লীগের নেতা আলম শেখ (৫০)।
ওসি আইয়ুব আলী জানান, জানে আলম ও ওমরকে গত ২ ফেব্রুয়ারি বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুজন, অভিজিৎ ও আলমকে ১৬ জুলাই টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ‘ডেভিল হান্ট ফেস-টু’ অভিযান অব্যাহত থাকবে।

মতামত দিন