অপরাধ
ছবি: সংগৃহীত

ফেসবুকে পরিচয় প্রেমের সম্পর্ক তৈরি করে অর্থ আদায় টাকা না পেয়ে প্রেমিকার ভিডিও ছড়িয়ে দিলেন প্রেমিক।

নিজেস্ব প্রতিবেদক:

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক তৈরি করে অর্থ আদায় এবং টাকা না দিলে প্রেমিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে র‍্যাব-১১, নোয়াখালী এক যুবককে গ্রেপ্তার করেছে।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সবুজ খান (৩৫) রংপুর জেলার দেবীগঞ্জ থানার বানিয়াপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তাকে বুধবার রাতে ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রতিবেদনে বলা হয়েছে, ভিকটিমের সঙ্গে ফেসবুকে পরিচয় হওয়ার পর মোবাইল ফোনে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে ওঠে। এরপর সবুজ খান বিয়ের প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জারের মাধ্যমে আপত্তিকর অডিও ও ভিডিও কল করার চেষ্টা চালায়। এই সময় তিনি ভিকটিমের ভিডিও রেকর্ড করে রাখেন।

পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে প্রথমে ৫০ হাজার টাকা, এরপর ধাপে ধাপে এক লাখ ২০ হাজার টাকা আদায় করেন। বাকি তিন লাখ ৩০ হাজার টাকা প্রদানের জন্য তিনি চাপ সৃষ্টি করতে থাকেন। টাকা না পেলে সবুজ ওই ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন চ্যাটিং গ্রুপ এবং অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেয়।

ভিকটিম বাদী হয়ে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন। গ্রেপ্তারের পর সবুজ খান ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেছেন। বর্তমানে তাকে ঢাকার আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন