অনুমতি ছাড়া ফসলি জমিতে পুকুর খননের কাজ শুরু,খননে বাধা দেওয়ায় কৃষককে ভেকুচাপায় হত্যা।
রাজশাহীর মোহনপুরে জমি রক্ষার বাধা দেয়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা ক্ষোভে ভেকু মেশিনটি আগুন দিয়ে ধ্বংস করেছে।
মঙ্গলবার রাতে ধুরইল ইউনিয়নের বড় পালশা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জুবায়ের হোসেন (২৫) পেশায় কৃষক এবং ওই গ্রামের রফিজ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, জমির মালিকরা অনুমতি ছাড়া ফসলি জমিতে পুকুর খননের কাজ শুরু করেন। এতে বাধা দেয় স্থানীয় কৃষকরা। উত্তেজনা বৃদ্ধি পেয়ে গ্রামবাসীরা মসজিদের মাইক ব্যবহার করে ঘটনাস্থলে একত্রিত হন।
ঘটনার সময় ভেকু চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। এসময় জুবায়ের মেশিনের নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ভেকু চালক আব্দুল হামিদকে (২৮) আটক করেছে। ইউএনও ফাহিমা বিনতে আখতার এবং মোহনপুর থানার ওসি মঈনুদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং হত্যার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।
মতামত দিন