হাদি হামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের পলায়ন পরিকল্পনার নতুন তথ্য ফাঁস।
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের পলায়নের বিস্তারিত তথ্য ধীরে ধীরে বেরিয়ে আসছে। পুলিশের তদন্ত অনুযায়ী, সীমান্ত পেরিয়ে দেশ ত্যাগের ঠিক আগ মুহূর্তে ফয়সালের কাছে শেষ অর্থ হিসেবে ছিল তার স্ত্রীর পাঠানো ৩০ হাজার টাকা।
তদন্ত সূত্র জানায়, টাকা লেনদেনটি সম্পূর্ণ গোপনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করা হয়। ঢাকার ধামরাই থেকে ময়মনসিংহের হালুয়াঘাট পর্যন্ত যাত্রায় ফয়সাল ও তার সহযোগী আলমগীর হোসেন একটি সিএনজিচালিত অটোরিকশা এবং দুইটি প্রাইভেটকার ব্যবহার করেন। পথে অর্থের প্রয়োজন হলে ফয়সালের স্ত্রী প্রাইভেটকার চালকের মাধ্যমে টাকা পাঠান, যা পরে শহরের একটি দোকান থেকে ক্যাশ আউট করা হয়।
প্রযুক্তিগত বিশ্লেষণ এবং লেনদেনের তথ্যের মাধ্যমে পুলিশ ফয়সালের পালানোর রুট চিহ্নিত করতে সক্ষম হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, হামলার পেছনে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত সহকারী এবং এক অভিজ্ঞ সন্ত্রাসীর সম্পৃক্ততার খবরে তদন্ত আরও বিস্তৃত হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ফয়সালের সঙ্গে যোগাযোগ রাখা আরও দুই–তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে দেশের বিভিন্ন স্থানে অভিযান চলছে। একই সঙ্গে হামলার অর্থ জোগানদাতা ও রাজনৈতিক উসকানিদাতাদের শনাক্তের জন্য একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।
উল্লেখ্য, ফয়সাল করিম মাসুদের বোনের বাসার পাশে থেকে দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ফয়সালের মা-বাবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মতামত দিন