অপরাধ
ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে সাকিব হাওলাদার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকী থানার ওসি সেলিম মাহমুদ বলেন, “রাতেই নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পাওয়া গিয়েছিল। আমরা সাকিবের মোবাইল লোকেশন ট্র্যাকিং করি। রাত ৮টার দিকে মোবাইল পটুয়াখালীতে দেখায়, এরপর বন্ধ হয়ে যায়। সকালেই খবর আসে যে মরদেহ বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কাঠেরপুল সংলগ্ন এলাকায় সড়কের পাশে পাওয়া গেছে। আমরা বাকেরগঞ্জ থানার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি।”

স্থানীয় সূত্র জানায়, সাকিবের পরিবার মরদেহ শনাক্তের জন্য থানায় এসেছিলেন। পুলিশ মৃতদেহের সঙ্গে থাকা ব্যক্তিগত আইডেন্টিফিকেশন ও অন্যান্য প্রমাণ যাচাই করে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নির্ধারণ করবে।

মতামত দিন