ফেনীর শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, তিন মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে গেছে।
ফেনীর শর্শদী বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনায় ব্যাংকের তিনটি মোটরসাইকেল ও কিছু আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কাজ শেষে দ্বিতীয় তলায় ঘুমিয়েছিলেন। রাত সাড়ে ৪টার দিকে নিচতলায় আগুন লাগার বিষয়টি টের পান তারা। নিরাপত্তা প্রহরীর চিৎকারে দ্রুত উপরের তলা থেকে কর্মীরা নেমে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, “উপর তলা থেকে দ্রুত নেমে আগুন নেভানোয় আগুন বিস্তার পায়নি। তবে সিঁড়িঘরে রাখা তিনটি মোটরসাইকেল এবং দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।”
স্থানীয়রা জানিয়েছেন, ব্যাংকের বাইরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল, কিন্তু কর্মকর্তা ও নিরাপত্তা প্রহরীর তৎপরতায় বড় ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস জানান, “গ্রামীণ ব্যাংক থেকে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মতামত দিন