গজারিয়ার একাধিক খুনের মামলার শীর্ষ সন্ত্রাসী লালুসহ ৪ জন গ্রেপ্তার।
মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন ধরে আতঙ্ক হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসী সাজেদুল ইসলাম লালু এবং তার সহযোগী তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) রাতের অভিযানে হাতিরঝিল, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠ এলাকা থেকে চারজনকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী জানান, আটক লালু উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ২৩টি মামলা রয়েছে। গজারিয়ার আলোচিত শুটার মান্নান হত্যা, হৃদয় বাঘ হত্যা এবং জহিরুল ইসলাম জয় হত্যা মামলাতেও তিনি সরাসরি অভিযুক্ত।
পুলিশ জানায়, জহিরুল ইসলাম জয় হত্যা মামলার অপর তিন আসামিকেও একই অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাহনিয়া গ্রামের আলাউদ্দিন (৬৫), তার ছেলে শাকিল (২৩) ও ভাই জসিম (৪৫)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে গজারিয়া থানা পুলিশ।
মতামত দিন