অপরাধ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে একদিনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতা-কর্মী আটক।

নিজেস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে গত একদিনে ধারাবাহিক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় পৃথক মামলায় তারা গ্রেপ্তার হন।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত জেলার ১২টি উপজেলার ১৩টি থানার আওতায় এসব অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা সবাই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিক মামলার আসামি।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাগপুর, মির্জাপুর, দেলদুয়ার, ঘাটাইল, সখীপুর, ধনবাড়ি, কালিহাতী, ভূঞাপুর, মধুপুর, বাসাইল, গোপালপুর ও টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। এ তালিকায় নারী নেত্রীও রয়েছেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, দণ্ডবিধি, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত করা, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিস্ফোরক সংশ্লিষ্ট অভিযোগ অন্তর্ভুক্ত।

টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে নাশকতার আশঙ্কায় এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা পুলিশ নজরদারি ও অভিযান জোরদার করেছে।

মতামত দিন