নিখোঁজের পর ৮ দিন পর আনোয়ারায় খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার।
চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজ হওয়ার আট দিন পর খাল থেকে আবু ছৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা সদরের খাদ্যগুদামের পাশে ইছাখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবু ছৈয়দ উপজেলার হইলাধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মৃত মালেকুজ্জামানের ছেলে। তার স্ত্রী ইসলাম খাতুন জানান, তার স্বামী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গত ৯ ডিসেম্বর দুপুরে বাসা থেকে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। স্বামীর সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনও তথ্য পাননি। অবশেষে ১১ ডিসেম্বর থানায় জিডি করেন।
প্রত্যক্ষদর্শী নিলু আক্তার বলেন, ভোরে খালে ভাসমান মরদেহ দেখে তিনি ভয় পান। পরে আনোয়ারা ফায়ার সার্ভিসে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মতামত দিন