অপরাধ
ছবি: সংগৃহীত

ছেঁড়াদ্বীপের কাছে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে।

নিজেস্ব প্রতিবেদক:

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে কোস্টগার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি আর্টিসানাল ট্রলিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি জব্দ করা হয়। পরে তল্লাশি চালিয়ে আনুমানিক তিন কোটি টাকা মূল্যের ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয়।

কোস্টগার্ড জানায়, জব্দ করা বোট ও ট্রলিং জালসহ আটক জেলেদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ মাছ ধরা বন্ধে কোস্টগার্ডের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে চলবে।


মতামত দিন