হাদি হত্যাচেষ্টা মামলায় র্যাবের অভিযানে গুলি-ম্যাগাজিন উদ্ধার, ফয়সালের বাবা-মা গ্রেপ্তার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের সংশ্লিষ্টতায় ১১ রাউন্ড গুলি, দুটি ভরা ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধার করেছে র্যাব-২। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকায় ফয়সালের বোনের বাসার আশপাশে অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব-২-এর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম জানান, শেরেবাংলা নগর থানার কর্নেল গলি এলাকায় ফয়সালের বড় বোন জিয়াসমিনের বাসার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়। ফুটেজে দেখা যায়, ঘটনার দিন ১২ ডিসেম্বর সকালে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে ওই বাসা থেকে বের হন। পরে বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ফয়সাল, তার সহযোগী, মা ও ভাগিনাকে দুটি ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে কিছু সংগ্রহ করতে দেখা যায়। এরপর তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকা ত্যাগ করেন।
এই তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল ওই স্থানে অভিযান চালিয়ে গুলি, ম্যাগাজিন ও চাকু উদ্ধার করে বলে জানান তিনি।
র্যাব আরও জানায়, ফয়সালের বোনের বাসা থেকে একটি ট্যাব, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোন, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের একাধিক চেক, ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা জব্দ করা হয়েছে।
এদিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা জানায়, মঙ্গলবার ফয়সালের বাবা হুমায়ুন কবিরকে নরসিংদীতে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফয়সালের শ্যালকের দেওয়া তথ্যে স্থানীয় একটি পুকুর থেকে তিনটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ফয়সালের মাকেও র্যাব কার্যালয়ে আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়েরের পর তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

মতামত দিন