দৌলতখানে বিজয় দিবস অনুষ্ঠানে আসনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ ১৫ জন আহত।
ভোলার দৌলতখান স্টেডিয়ামে মহান বিজয় দিবস উদযাপনকালে আসন নিয়ে তর্ক ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন, যার মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামায়াতের স্থানীয় নেতা মো. আশরাফ উদ্দিন ফারুক অভিযোগ করেন, ‘উপজেলা প্রশাসনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। নির্ধারিত আসনে বসার সময় বিএনপি ও যুবদলের কয়েকজন নেতার নেতৃত্বে পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।’
অপরপক্ষে, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম দাবি করেন, ‘আমন্ত্রিত অতিথিরা আসন নিতে চাইলে দেখি জামায়াতের নেতারা আগে থেকেই বসে আছে। এই অবস্থায় হাতাহাতি এবং হট্টগোল ঘটে। এতে আমাদের নেতাদের কোনো ভূমিকা ছিল না।’
এদিকে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার বলেন, ‘আসন সংক্রান্ত কিছু ভুল বোঝাবুঝির কারণে উত্তেজনা তৈরি হয়। এতে ৫-৭ জন আহত হয়েছেন।’
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সিকদার জানান, ‘বিজয় দিবসের অনুষ্ঠানকেন্দ্রে আসন সংক্রান্ত বিবাদে এ ঘটনা ঘটেছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মতামত দিন