সেনাবাহিনীর অভিযানে সায়েদাবাদে বিপুল অস্ত্র-মাদক জব্দ, ১১ গ্রেফতার।
রাজধানীর সায়েদাবাদে ওয়াসা পাম্প সংলগ্ন একটি বস্তি এলাকা থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করেছে। অভিযানে মাদক ব্যবসায়ী, সহযোগী ও ওয়্যারেন্টভুক্ত খুনের আসামিসহ মোট ১১ জনকে আটক করা হয়।
অভিযানটি সোমবার দিবাগত রাত বারোটার দিকে নবম পদাতিক ডিভিশনের অধীনে ১৫ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়ন পরিচালনা করে। স্থানীয়রা অভিযোগ করেন, এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি চলত এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে টাকা আদায় করা হতো। এছাড়া এই চক্র পুলিশের উপর হামলা, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনায় জড়িত ছিল।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধভাবে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তারা অর্জিত অর্থ চাঁদাবাজি এবং আইনবিরুদ্ধ কাজে ব্যবহার করত। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের পাশাপাশি সেনাবাহিনী এলাকায় তথ্য সংগ্রহ করে পরবর্তী অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে।
মতামত দিন