ডেভিল হান্ট–২ অভিযানে রানীশংকৈলে সাবেক মেয়র আলমগীর সরকার আটক।
জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট–২’ জোরদার করা হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে আওয়ামী লীগের এক শীর্ষ স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৫ ডিসেম্বর) রাতের দিকে গোপন তথ্যের ভিত্তিতে রানীশংকৈল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ভান্ডারা মহল্লায় অভিযান চালায়। অভিযানে বিস্ফোরক আইনে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আলমগীর সরকারকে নিজ বাসা থেকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, আলমগীর সরকার রানীশংকৈল পৌরসভার ভান্ডারা এলাকার বাসিন্দা এবং প্রয়াত আমানুল্লাহ মাস্টারের সন্তান। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে যুবলীগ ও উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা পালন করেন।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আলমগীর সরকারকে রাতেই ঠাকুরগাঁও জেলা আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন