অপরাধ
ছবি: সংগৃহীত

হাদি হামলা মামলা:র‍্যাবের হাতে গ্রেফতার ফয়সালের ঘনিষ্ঠ কবির,সীমান্ত পেরিয়ে পালানোর নতুন তথ্য।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। এ ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সোমবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকা থেকে কবিরকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিঘাই গ্রামে। উল্লেখ্য, ফয়সাল করিম মাসুদের বাড়িও একই জেলায়।

এদিকে হামলার পর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া দুই সন্দেহভাজনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে।  একটি বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে , ফয়সাল ও আলমগীর নামে দুই ব্যক্তি ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে গেছে। সূত্রের দাবি, শুক্রবার (১২ ডিসেম্বর) তারা মোটরসাইকেলে করে হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত অতিক্রম করে।

তদন্ত সংশ্লিষ্টদের তথ্যমতে, ঘটনার পরপরই তারা রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি প্রাইভেট কারে আশুলিয়া ও গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা গাড়ি পরিবর্তন করে ধারাবাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছায়। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় মোটরসাইকেলে সীমান্ত এলাকায় গিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। সীমান্তের ওপারে আগে থেকে থাকা আরেক ব্যক্তি তাদের গ্রহণ করে বলে জানা গেছে।

অন্যদিকে, এই মামলায় সহযোগিতার অভিযোগে ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার ভাই ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অভিযুক্তদের পারাপারে সহায়তার অভিযোগে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তির দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য রাতেই এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসা ব্যয়ের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে।

মতামত দিন