অপরাধ
ছবি: সংগৃহীত

প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে অগ্রগতি এসেছে। এ মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের ঘনিষ্ঠ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তার লিমার বিরুদ্ধে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে আসামিদের হাজির করে পৃথকভাবে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা সরাসরি হত্যাচেষ্টায় সহযোগিতা করার পাশাপাশি প্রধান আসামিকে পালিয়ে যেতে সহায়তা করেছেন। এছাড়া ফয়সাল করিম মাসুদ বর্তমানে কোথায় আত্মগোপনে আছেন—সে বিষয়ে তথ্য উদ্ধারে রিমান্ড প্রয়োজন।

শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তবে ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ঘটনার সঙ্গে জড়িত নন এবং তার স্বামীর অবস্থান সম্পর্কেও কিছু জানেন না।

রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে জানায়, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার পেছনে আরও কারা জড়িত এবং কার নির্দেশে হামলার চেষ্টা হয়েছে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব তাদের আটক করে। পরে সন্ধ্যায় পল্টন থানায় তাদের হস্তান্তর করা হয়। এ সময় ফয়সাল করিম মাসুদের স্বাক্ষরযুক্ত বিপুল পরিমাণ চেকবই ও কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করে পুলিশের কাছে জমা দেয় র‍্যাব।

মতামত দিন