খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে কাপড় ব্যবসায়ী নিহত।
খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে সাগর শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার একটি চৌরাস্তার কাছে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত সাগর শেখ গ্রিন বাংলা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার পেছনের অংশে বসবাসকারী ফয়েক শেখের ছেলে। পেশায় তিনি কাপড় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, ঘটনার সময় এলাকায় একাধিক গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান রাত ১০টা ২০ মিনিটের দিকে গোলাগুলির শব্দ শুনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। পরে ৯৯৯ থেকে রূপসা থানা পুলিশকে ঘটনাস্থলের বিষয়ে অবহিত করা হয়।
রূপসা থানার এসআই সৌরভ দাশ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, নিহত সাগর শেখ ওই এলাকায় জমি কিনে সম্প্রতি একটি নতুন বাড়ি নির্মাণ করেছিলেন।
তবে কী কারণে এবং কারা তাকে গুলি করে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন