ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় মোটরসাইকেলের মালিক হান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর।
শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ রিমান্ড অনুমোদন দেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পল্টন থানার উপপরিদর্শক সামিম হাসান প্রাথমিকভাবে কারাগারে রাখার আবেদন করেন। পরে চারটি কারণ উল্লেখ করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটে পল্টন মডেল থানার অন্তর্গত বক্স কালভার্ট এলাকায় শরিফ হাদিকে গুলি করা হয়। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা গেছে, হাদি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচল করার সময় অজ্ঞাত দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে লক্ষ্যভেদ করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। র্যাব-২ সূত্রে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা-মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে মালিক হিসেবে মো. আব্দুল হান্নানকে চিহ্নিত করা হয়।
মতামত দিন