অপরাধ
ছবি: সংগৃহীত

ওসমান হাদি হামলায় আরও দুইজন গ্রেফতার, মোটরসাইকেলের মালিকসহ তদন্ত জোরদার।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য জানিয়েছেন।

তবে গ্রেফতারকৃতদের নাম এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবা মো. আবুল কাশেম, মা মোসা ফুরকোন এবং পেশায় তিনি শ্রমিক।

র‌্যাব জানিয়েছে, হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। নম্বর ৫৪-৬৩৭৫। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতারকৃত হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের মালিকানা স্বীকার করেছেন। পুলিশের ধারনা, এই মোটরসাইকেলের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।

আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় শরিফ হাদিকে গুলি করা হয়। তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন। এই ঘটনায় সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদও অব্যাহত রয়েছে।

মতামত দিন