হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান আটক।
হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্তের পর এর মালিককে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আটক করা আব্দুল হান্নানকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-২ জানায়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা হয়। পরে বিআরটিএ থেকে যাচাই করে নিশ্চিত হওয়া গেছে—গুলিবর্ষণের সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান।
র্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। কখনো তিনি দাবি করেছেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার কখনো বলেছেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো নথি বা প্রমাণ দেখাতে পারেননি।
আটক হান্নান দাবি করেছেন, প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সঙ্গে তার দীর্ঘদিন যোগাযোগ নেই। যদিও র্যাব কর্মকর্তারা বলছেন, ফয়সাল তার পূর্বপরিচিত ও ঘনিষ্ঠজন। হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্যও পাওয়া যায়নি। তদন্তকারীদের ধারণা, তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের অবস্থান ও হামলার পেছনের পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল থেকে গুলি চালানো হয় শরিফ ওসমান হাদির ওপর। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি এখনো সংকটাপন্ন।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এখনো সরাসরি হামলাকারী গ্রেপ্তার না হলেও মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক এবং সন্দেহভাজনের ব্যাংক হিসাব জব্দ—এই তিনটি পদক্ষেপ মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন