লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ের স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন।
ভোরের অন্ধকারে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে নাশকতার ঘটনা ঘটেছে। কার্যালয়ের নিচতলার একটি স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার কিছু আগে এই অগ্নিকাণ্ড ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক যুবক পশ্চিম পাশের দেয়াল টপকে নির্বাচন অফিস চত্বরে ঢুকে পড়ে। ভেতরে ঢোকার কিছু সময় পরই স্টোররুমের ভেতর আগুন জ্বলে ওঠে। এরপর অভিযুক্ত যুবকটি দ্রুত দেয়াল বেয়ে বেরিয়ে যায়।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, স্টোররুমের জানালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই সময় কার্যালয়ের নৈশপ্রহরী হামিম ঘুমিয়ে ছিলেন। আগুনের আভাস পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়।
এই ঘটনায় ২০০৮ ও ২০০৯ সালের ভোটার তালিকার দ্বিতীয় ফরম সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি একটি অচল ডেস্কটপ সিপিইউসহ কয়েকটি অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়েনি।
ঘটনার খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন কার্যালয়ে ছুটে যান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা জোরদারের আশ্বাস দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হলেও বড় ধরনের ক্ষতি হয়নি। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। দোষীদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এদিকে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে।
মতামত দিন