অপরাধ
ছবি: সংগৃহীত

কুমিল্লায় অটোরিকশা চালককে জবাই করে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

কুমিল্লার হোমনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক শান্ত চন্দ্র দাস (১৮) রাতে বাড়ি না ফেরার পর পরিবারের দুশ্চিন্তা যে সত্যিকারের বিপর্যয়ে রূপ নেবে—তা কেউ ভাবেনি। পরদিন ভোরে পৌরসভার কারারকান্দি এলাকার ফসলি জমি থেকে গলাকাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

শান্ত হোমনা উপজেলার বিজয়নগর গ্রামের বাসিন্দা এবং গ্রামপুলিশ অরুণ চন্দ্র দাসের ছেলে।

পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে অন্য দিনের মতোই অটোরিকশা নিয়ে বের হয় শান্ত। রাত আটটার পর তার ফোন বন্ধ পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিতে নামেন। কোথাও সন্ধান না পেয়ে ভোরে থানায় খবর নিয়ে জানতে পারেন—কারারকান্দি এলাকায় একটি লাশ পড়ে আছে। পরে সেখানে গিয়ে তারা শান্তকেই শনাক্ত করেন। পরিবারের ধারণা, তাকে হত্যার পর অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

পুত্রশোকে ভেঙে পড়া বাবা অরুণ চন্দ্র দাস বলেন, “এক মুহূর্তেই সবকিছু শেষ হয়ে গেল। ছেলেকে যারা কেড়ে নিল, তাদের শাস্তি চাই।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হত্যাকাণ্ড নিয়ে মামলা করার প্রক্রিয়া চলছে।

মতামত দিন