ডেমরায় ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু।
রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একটি ময়লা পরিবহনের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে এলাকার মিনি কক্সবাজার সড়ক—ধার্মিকপাড়া অংশে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন আইইউবির ছাত্র তাহসিন তপু (২৫) এবং ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)। দু’জনেরই বাসা ডেমরা–সানারপাড়া ও সিদ্ধিরগঞ্জ–চিটাগং রোড এলাকায়।
পরিবার ও বন্ধুদের বরাতে জানা যায়, স্থানীয় সিয়াম নামের একজনের গায়েহলুদের অনুষ্ঠান শেষ করে কয়েকজন বন্ধু মিলে বাড়ি ফিরছিলেন। অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পর মিনি কক্সবাজার রোডে তারা একটু থেমে চা খাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই সামনের দিকে মোটরসাইকেলে যাওয়া তাহসিন ও ইরামের দিকে প্রচণ্ড শব্দ শোনা যায়। ছুটে গিয়ে দেখা যায়—ডিএসসিসির ট্রাকের নিচে মোটরসাইকেল গুঁড়িয়ে পড়ে আছে, আর দু’জন রাস্তার ওপর ছিটকে পড়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে বন্ধুদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক প্রথমে তাহসিনকে ভোর ৪টা ৪৫ মিনিটে মৃত ঘোষণা করেন। কিছু সময় চিকিৎসাধীন থাকার পর ভোর সাড়ে ৫টার দিকে ইরাম হৃদয়ও মারা যান। দুইজনের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক।
দুর্ঘটনার পর ময়লার গাড়িটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার এসআই রুবেল হাওলাদার।
নিহতদের বন্ধুরা অভিযোগ তুলেছেন—মিনি কক্সবাজার রোডে চলাচল করা ডিএসসিসির বেশিরভাগ চালকই নিয়মকানুন মানেন না। অনেক চালক নেশাগ্রস্ত অবস্থায় রাতে গাড়ি চালান এবং বেপরোয়া গতির কারণে এলাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

মতামত দিন