অপরাধ
ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মী ৬ দিনের ও স্বামী ৩ দিনের রিমান্ডে।

নিজেস্ব প্রতিবেদক:

মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় অভিযুক্ত গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বির রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন আদালতে মামলার শুনানি শেষে আয়েশার জন্য ছয়দিন এবং রাব্বির জন্য তিনদিনের রিমান্ড অনুমোদন করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সহিদুল ওসমান মাসুম আদালতে উপস্থিত হয়ে প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন-অর-রশিদ শুনানি করেন, তবে আসামিপক্ষের কেউ উপস্থিত ছিলেন না।

নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় বলা হয়েছে, ৫ ডিসেম্বর থেকে আয়েশা তাদের বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকাল ৭টার সময় তিনি কর্মস্থলে যান, পরে সকাল ১১টার দিকে বাসায় ফেরেন।

ফিরে এসে তিনি দেখতে পান, তার স্ত্রী গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম অবস্থায় পড়ে আছেন এবং মেয়েও আহত। মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামলার এজাহারে আরও বলা হয়েছে, বাসার সিসি ক্যামেরায় দেখা যায়, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় আসেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে মেয়ের মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যান। ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, এই সময়ের মধ্যে স্ত্রীর ও মেয়ের ওপর ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যার ঘটনা সংঘটিত হয়েছে।

মতামত দিন