অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় ছাত্রশিবির নেতার বাবাকে গুলি করে হত্যা।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ভোররাতে এক অটোরিকশাচালককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার ভোর চৌধুরী পুকুর পাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৫৫)। তিনি রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা ও পেশায় সিএনজি অটোরিকশাচালক।তার ছেলে শফিকুল ইসলাম স্থানীয়ভাবে ইসলামী ছাত্রশিবিরের বড়হাতিয়া ইউনিয়ন শাখার দায়িত্ব পালন করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ফজরের আগে যাত্রী নেওয়ার উদ্দেশ্যে নুরুল ইসলাম অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। অল্প দূর এগোতেই অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।গুলিবিদ্ধ অবস্থায় তিনি রাস্তার ধারে পড়ে থাকেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের বাম পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে।

নুরুল ইসলামের ছেলে শফিকুল জানান, ফজরের আগেই এলাকাবাসী গুলির শব্দ শুনেছেন।তার বাবার গায়ে ও অটোরিকশায় একাধিক গুলির দাগ রয়েছে।

বড়হাতিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বলেন,নুরুল ইসলাম এলাকায় ভদ্র ও পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। এমন হত্যাকাণ্ড মেনে নেওয়ার নয়। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেন।

লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বলেন, গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে নুরুল ইসলাম নিহত হন। মরদেহ থানায় রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মতামত দিন