অপরাধ
ছবি: সংগৃহীত

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের দুই নেতা গুলিবিদ্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন লারপাড়া এলাকার সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। তারা উভয়েই সক্রিয়ভাবে যুবদলের কার্যক্রমে যুক্ত। কক্সবাজার সদর মডেল থানার ওসি ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুজন মোটরসাইকেলে করে কলাতলী মোড় থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। বাইপাস সড়কের পাহাড়ি এলাকায় পৌঁছালে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাদের পিছন থেকে অনুসরণ করতে থাকে। প্রথমে একে একে গুলি চালানো হয়, পরে লক্ষ্যভ্রষ্ট হলে এলোপাতাড়ি গুলি চালানো হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার্ড করা হয়।

স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে সাইফুলের ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারের হত্যার পেছনে রাজনৈতিক বিরোধ ছিল। এ ঘটনার সঙ্গে তাতে জড়িত পক্ষের সম্পর্ক থাকতে পারে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে।

কক্সবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেছেন, “সাইফুল ও ফারুক যুবদলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। যারা এ ঘটনার পেছনে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা উচিত।”

ওসি ছমি উদ্দিন জানান, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং দ্রুত ঘটনার মূল রহস্য উদঘাটন ও দোষীদের শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মতামত দিন